সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

জুলাই / ১৬ / ২০২২


ছাত্র

বাড়ির সীমানা নিয়ে বিরোধ, দশম শ্রেণীর ছাত্রকে হাতুড়ি পেটা


170

Shares

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধে দশম শ্রেণীর ছাত্র সাখাওয়াত হোসেন (১৬) কে হাতুড়ি পেটা করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় প্রতিপক্ষের হামলা থেকে পুত্রকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে সাখাওয়াত হোসেনের মা শরিফা বেগমও। তিনিও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের রঘুচৌধুরী পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আহত সাখাওয়াত হোসেন ওই মহল্লার আব্দুল মান্নানের পুত্র। আব্দুল মান্নান দীর্ঘদিন যাবত সৌদি আরব প্রবাসে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেনের সাথে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল তার আপন চাচাতো ভাই আজিজুল ও ইজাজুলদের সাথে। এরই জের ধরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে আজিজুলসহ তার লোকজন সাখাওয়াত হোসেনকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

এ ব্যাপারে আহত ছাত্রের মা শরীফা বেগম জানান, কারণে অকারণে প্রায় সময়ই আমার ও আমার ছেলের সাথে আমার ভাসুরের ছেলেরা ঝগড়ায় লিপ্ত হয়। এরই প্রেক্ষিতে তারা আমার ছেলেকে হাতুড়ি পেটা করে আহত করেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, বিষয়টি থানা পুলিশকে কেউ অবগত করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

সিলেট প্রতিক্ষণ