98
Sharesসিলেটের বিয়ানীবাজারের শেওলা সেতু-শেওলা স্থলবন্দর সড়কে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা যেন দিন দিন মরণফাঁদে পরিণত হচ্ছে। সড়কটির বিভিন্ন জায়গায় মানুষের ঠিক মাথার উপরেই ঝুলছে হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার।
এসব তারের কারণে প্রায়ই ঘটছে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনা। আর এ ব্যবস্থাপনার উন্নয়নের বিষয়ে কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। জানা গেছে, সোমবার (২১ মার্চ) বেলা ১টার দিকে শেওলা সেতু-শেওলা স্থলবন্দর সড়কের নয়াদুবাগ এলাকায় স্থলবন্দরগামী একটি তুলার ট্রাকে রাস্তার উপরে ঝুলে থাকা হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সার্ভিস স্টেশনের একদল দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে প্রায় তিন লক্ষাধিক টাকার তুলা আগুনে ভস্মীভূত হয়ে যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ট্রাকটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ট্রাকচালক। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও এই সড়কের বিভিন্ন স্থানে হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারের কারণে মালবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এরপর স্থানীয় এলাকাবাসী ও যান চালকরা একাধিকবার বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে অবগত করলেও বিদ্যুৎ সঞ্চালন তারটি সংরক্ষণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। একাধিকবার ঘটে যাওয়া এসব দুর্ঘটনার জন্য স্থানীয় এলাকাবাসী ও যানবাহনের চালকরা স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের খামখেয়ালিপনা ও অবহেলাকেই দায়ী করেছেন।
তাদের অভিযোগ, নতুনভাবে কাজ ও সংস্কার না হওয়ায় এ ধরনের দুর্ঘটনা প্রায় প্রতিনিয়তই ঘটছে। দুর্ঘটনায় কবলিত ট্রাকের চালক রবিউল ইসলাম জানান, সড়কের অনেক নিচের দিকে ঝুলে ছিল হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার। এসব তারের কারণে ওই এলাকায় এর আগেও ৩/৪টি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি জানান, ওই ঝুঁকিপূর্ণ তারগুলো অতি দ্রুত কাভারিং করে আরেকটু উপরে না তুললে এরকম দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। বিয়ানীবাজার সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার স্টেশনের ফাইটার সজিব জানান, সড়কের উপরে ঝুলে থাকা পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ হাই ভোল্টেজের তার থেকেই আগুনের সূত্রপাত।
এই দুর্ঘটনায় অন্তত তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, তাদের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সঞ্চালন তারগুলো নিরাপদ স্থানে ব্যবস্থাপনা করার জন্য স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ বিয়ানীবাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ভজন কুমার বর্মন ‘অগ্নিকাণ্ডের খবর জানেন না’ উল্লেখ করে বলেন, বিদ্যুৎ সঞ্চালন তার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
ট্রাকচালকরা এমনিতেই ট্রাক ওভারলোড করে যাতায়াত করে। যার ফলে অন্য কোনোভাবে আগুনের ঘটনা ঘটেছে। ‘অগ্নিকাণ্ডের খবর জানেন না’ তাহলে কিভাবে বুঝলেন বৈদ্যুতিক সঞ্চালন তার থেকে আগুনের সুত্রপাত ঘটেনি – এমন প্রশ্নের জবাবে পল্লী বিদ্যুতের ওই কর্মকর্তা বলেন, আমাদের সঞ্চালন তারগুলো মহাসড়কের হিসেবে স্ট্যান্ডার্ড উচ্চতা অর্থাৎ ১৮ ফুটের উপরে রয়েছে। এই উচ্চতায় থাকাবস্থায় তারগুলো কখনোই নিচের দিকে ঝুলে পড়া সম্ভব না। শুধুমাত্র ওভারলোডেড যান হলেই কেবল এত উপরের সঞ্চালন তার স্পর্শ করা সম্ভব।