সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

অগাস্ট / ২৭ / ২০২২


চা শ্রমিক

বৈঠক বিকেলে, প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে চা শ্রমিকরা


155

Shares

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত চা শ্রমিকরা আশা নিয়ে তাকিয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। আজ শনিবার বিকেলে চা-বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের মধ্য দিয়ে নিজেদের দাবি বাস্তবায়ন হবে, এমনটাই আশা করছেন শ্রমিকরা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, আজ বিকেল ৪টায় চা–বাগানের মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

চা শ্রমিক নেতারা জানান, সিলেট অঞ্চলে একজন চা শ্রমিক দৈনিক ১২০ টাকা মজুরি পান। তারা এই মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবি জানাচ্ছেন। এই দাবিতে গত ৮ আগস্ট থেকে নানা কর্মসূচি পালন করে আসছেন চা শ্রমিকরা।

প্রথমে কর্মবিরতি, পরে ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন তারা। এর মধ্যে হয়েছে দফায় দফায় আলোচনা। চা-বাগান মালিকরা মজুরি ১৪৫ টাকা পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছেন। কিন্তু তাতে রাজি হননি শ্রমিকরা।

মৌলভীবাজারের কালাপুর ইউনিয়নের ফুলছড়ি চা বাগানের বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি লক্ষ্মণ বাউরি বলেন, ‘আমরা আন্দোলন করছি পেটের দায়ে।

আমাদের যে মজুরি দেওয়া হয় তা থেকে বিদ্যুৎ বিল, রেশন, ভবিষ্যৎ তহবিল ও চা শ্রমিক ইউনিয়নের চাঁদা সব কিছু কেটে নগদ হাজরি দাঁড়ায় ১০০ টাকারও কম। এই টাকা দিয়ে দৈনন্দিন চাহিদা পূরণ করতে হয়।

ছেলেমেয়ের লেখাপড়া, পোশাক, মাছ, সবজি, তেল, লবণ, ডাল সবই এ দিয়ে। এটা কী করে সম্ভব?’ ‘এখন আমরা প্রধানমন্ত্রীর বৈঠকের দিকে তাকিয়ে আছি। আশা করছি, আমাদের ন্যায্য মজুরি বাস্তবায়িত হবে।’

সিলেট প্রতিক্ষণ