108
Sharesসিলেটের পর এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের সদস্য মো.শফিউল্ল্যাহ (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
সোমবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্রধান গেইটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এ সময় তার কাছ থেকে ৫টি অনলাইন টিকিট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো.শফিউল্ল্যাহ (৪৫) লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার জয়পুরা এলাকার বাসিন্দা মৃত মুন্সি মিয়ার ছেলে। র্যাব-৯ মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবত ভিন্ন ভিন্ন পরিচয়পত্র (আইডি) ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে জনসাধারণের কাছে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।
বিশেষ করে কাউন্টারে টিকিট সংকটের সুবিধা কাজে লাগিয়ে এই কালোবাজারি চক্র কিছুদিন ধরে বেশ সক্রিয়। গোয়েন্দা দল নিরবিচ্ছিন্নভাবে গোয়েন্দা নজরদারী চালিয়ে আসছিল এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
এ তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে মো.শফিউল্ল্যাহকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শফিউল্ল্যাহ রেলের টিকিট কালোবাজারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ ২০১৬ সালে আগাম টিকিটসহ টিকিট কালোবাজারি মো.শফিউল্ল্যাহকে আটক করা হয়েছিল এবং শ্রীমঙ্গল রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয় এবং যেকোন পর্যায়ের টিকিট কালোবাজারির সাথে জড়িত কালোবাজারির সংশ্লিষ্টদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান এএসপি সোমেন মজুমদার।