সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

জুন / ০৮ / ২০২২


সুরমা-কুশিয়ারা

এবার ‘উল্টো মোড়ে’ সুরমা-কুশিয়ারা


138

Shares

টানা চারদিন পানি বাড়তে থাকার পর অবশেষে উল্টো মোড় নিয়েছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। সিলেটের প্রধান এ দুই নদীর পানি কমতে শুরু করেছে। অন্যান্য নদীর পানিও কমছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সিলেটের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে এমন তথ্য।

পাউবো জানায়, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে গতকালের চেয়ে আজ কমেছে। গতকাল সন্ধ্যা ৬টায় এ পয়েন্টে পানি ছিল ১৩.০৯ মিটার; আজ দুপুর ১২টায় হয়েছে ১২.৬২ মিটার। সিলেট পয়েন্টে এ নদীর পানি গতকাল সন্ধ্যায় ছিল ১০.৩৭ মিটার; আজ দুপুরে হয় ১০.২৫ মিটার।

কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে কাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ছিল ১৪.৩৮ মিটার। আজ বুধবার সকাল ৯টায় পানিসীমা দাঁড়ায় ১৪.১১ মিটারে। এ নদীর পানি শেওলা পয়েন্টেও কমেছে। গতকাল সন্ধ্যায় পানি ১২.১৫ মিটারে থাকলেও আজ দুপুরে হয়েছে ১১.৯৫ মিটার।

শেরপুর পয়েন্টেও কমছে কুশিয়ারার পানি। গতকাল সন্ধ্যায় ৭.৭১ মিটার ছিল পানিসীমা; আজ হয়েছে ৭.৭০ মিটার। কুশিয়ারা নদীর পানি কমেছে ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও। এখানে কাল পানিসীমা ছিল ৯.৮২ মিটার; আজ দুপুরে হয় ৯.৮০ মিটার। এদিকে, কানাইঘাট দিয়ে বয়ে যাওয়া লোভা নদীর পানি বেশ কিছুটা কমেছে।

এ নদীতে গতকাল সন্ধ্যা ৬টায় পানিসীমা ছিল ১৩.৪৪ মিটার। আজ দুপুর ১২টায় হয় ১২.৯০ মিটার। গোয়াইনঘাট দিয়ে বয়ে যাওয়া সারি নদীর পানিও কমতির দিকে। কাল সন্ধ্যায় পানিসীমা ১১.১৮ মিটারে থাকলেও আজ দুপুরে হয় ১০.৮০ মিটার।

সিলেট প্রতিক্ষণ