সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২০ / ২০২২


news part

গোলাপগঞ্জে নিহত তারিকের দাফন সম্পন্ন, মামলা হয়নি এখনও


101

Shares

গোলাপগঞ্জে ফুটবল খেলায় সংঘর্ষে নিহত যুবকের জানাযা শেষে দাফন সম্পন্ন, এখনো কোন মামলা হয়নি।

জানা যায়, গোলাপগঞ্জের পৌর এলাকার ৯নং ওয়ার্ডের নুরুপাড়া রঙ্গাই বিছরা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে তারিক আহমদ (২৬) নামের এক যুবক ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক রয়েছেন বলে জানা যায়।

নিহত যুবক পৌর এলাকার ৭নং ওয়ার্ডের রনকেলী নয়াগ্রাম এলাকার তখলিছ আলীর পুত্র। আহতরা হলেন- একই গ্রামের তছন আলীর পুত্র আবু সুফিয়ান (২০) ও পারভেজ আহমদ (২১) ও একই এলাকার ফয়ছুল আলীর ছেলে শাহানুর আহমদ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এসময় এক পক্ষের ছুরিকাঘাতে তারিক আহমদ নামের এক যুবক হাসপাতালে নেয়ার পথে নিহত হয়। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন, তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদিকে গোলাপগঞ্জে ফুটবল খেলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তারা গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের রনকেলী এলাকায় অবরোধ করে। এসময় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিভিন্ন এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবীরের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

শনিবার বিকাল ৫. ২০ মিনিটে পৌরসভার বনবাড়ি ঈদগাহ মাঠে নিহত তারিক আহমদের জানাযা শেষে স্থানীয় গোরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়। এ সময় গোলাপগঞ্জ উপজেলাসহ আশপাশের উপজেলা থেকেও বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার হাজারো মুসল্লি জানাযায় অংশ গ্রহন করেন।

এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, নিহতের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এখনো কোন মামলা হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট প্রতিক্ষণ