133
Sharesঅর্থ পাচার মামলায় সাবেক মন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর গ্রেফতার হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে গতকাল ফরিদপুর শহরে আনন্দ মিছিল করা হয়। সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছোটভাই তিনি।
পুলিশ তাকে সোমবার ঢাকায় গ্রেফতার করে। গতকাল আদালতে তুললে আদালত তাকে জেলহাজতে পাঠিয়ে দেয়। ২০২০ সালের ২৬ জুন ২ হাজার কোটি টাকা পাচারের যে মামলা হয় তাতে ১০ জনকে আসামি করা হয়। বাবর ওই আসামিদের অন্যতম। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা গতকাল সংবাদ সম্মেলনে জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে জেলায় সব ধরনের টেন্ডার থেকে কমিশন বাণিজ্য এবং নিয়োগ বাণিজ্য করে দেশে-বিদেশে অঢেল সম্পত্তি অর্জন করেন তিনি।
২০২০ সালে বিশেষ অভিযান পরিচালনাকালে তার ছত্রছায়ায় থাকা সন্ত্রাসী হাতুড়ি বাহিনী ও হেলমেট বাহিনী আত্মগোপনে যায়। সিআইডির দায়েরকৃত মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলার তদন্তে বাবর অবৈধ সম্পদ অর্জন করেছেন প্রমাণিত হলে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে আদালত বাবরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আনন্দ মিছিল : ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেফতারের খবরে গতকাল বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের আলীপুর মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাব বোস, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মো. নাছির, ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান, সাধারণ সম্পাদক শামীম হোসেন। সমাবেশের বক্তারা বাবরসহ মানি লন্ডারিং মামলার আসামিদের দ্রুত বিচার ও শাস্তি বিধানের দাবি জানান। পরে মিছিলে যোগ দেওয়া লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।