জাতীয়



ডেস্ক রিপোর্ট

জুন / ১১ / ২০২২


Khaleda Zia

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, অবজারভেশনে থাকবেন ৭২ ঘণ্টা


192

Shares

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার মধ্যরাত ৩টা ২০ মিনিটে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, কামরুজ্জামান রতন, এ বি এম আব্দুস সাত্তার, শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শায়রুল কবির খান বলেন, মধ্যরাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করেন। রাত ২টা ৫৫ মিনিটে তাঁকে নিয়ে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। খালেদা জিয়াকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের বলেছেন, হৃদরোগ-সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে শনিবার সকাল ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল না হলেও স্থিতিশীল নয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ।

ডা. জাহিদ বলেন, ‌‘একজন ডাক্তার হিসেবে বলতে চাই খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল না হলেও স্থিতিশীল নয়। যেকোনো সময় যেকোনো দিকে টার্ন নিতে পারে।

বর্তমানে তিনি ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। ৭২ ঘণ্টা সিসিইউতে অবজারভেশনে থাকবেন। তার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না।’

জাতীয়