522
Sharesচলাচলে কঠোর বিধিনিষেধের মধ্যে আন্তঃজেলা গণপরিবহণ বন্ধ থাকলেও থেমে নেই মানুষের বাড়ি ফেরা।
ঈদকে সামনে রেখে সকাল থেকেই রাস্তায় ঢাকা ছাড়া মানুষের ঢল নেমেছে। দূরপাল্লার বাস না চললেও লোকাল বাস, প্রাইভেট কারসহ মাইক্রো বাসগুলোতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে। সকাল থেকেই ঢাকা থেকে বের হয়ে যাওয়ার পথগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। দূর পাল্লার বাস না চললেও ভেঙ্গে ভেঙ্গে যাচ্ছেন তারা।
তবে এসব যানবাহনে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই বললেই চলে। তবে ঈদের ছুটিতে যাওয়ার চেয়ে করোনাকালীন সময়ে চাকরি হারিয়ে বাড়ি ফিরছেন বেশির ভাগ মানুষ। কেউবা বলছেন জরুরী প্রয়োজনেই রাজধানী ছাড়তে হচ্ছে অনেককে। এদিকে, গত বুধবার (৫ মে) করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের সময় ১৬ই মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ই এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর বিধিনিষেধে শুরু হয়। চলমান বিধিনিষেধের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। সেই মেয়াদ শেষ হয় গত ২১শে এপ্রিল মধ্যরাতে।
তবে, করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিধিনিষেধের মেয়াদ ২৮শে এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ৫ মে পর্যন্ত কঠোর বিধিনিষেধের সময় বৃদ্ধি করা হয়। কঠোর বিধিনিষেধের সুফল ইতিমধ্যে কিছুটা মিলেছে।