সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

জুলাই / ২৫ / ২০২২


মির্জা আব্বাস

লুটপাটের কারণে দেশটা একদিন শেষ হয়ে যাবে: মির্জা আব্বাস


193

Shares

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশ আজকে 'হায় হায় কোম্পানির' কবলে পড়েছে, আর আওয়ামী লীগ হয়ে গেছে 'খাই খাই কোম্পানি'। এ সরকারের লুটপাটের কারণের দেশের মধ্যম আয়ের মানুষ আজ নিম্ন আয়ের মানুষে পরিণত হয়েছে।

সোমবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনের নামে পাওয়ার প্লান্ট কোম্পানিগুলোর মাধ্যমে সরকার জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে এই দেশটাই একদিন শেষ হয়ে যাবে; এমন অভিযোগও করেন মির্জা আব্বাস ।

এ অনুষ্ঠানসে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান বলেন, এই সরকারের অধিনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন না হলে জনগণ শেখ হাসিনাকে গণভবন থেকে বের করে দেবে। শাহজালালের পুণ্যভূমি থেকেই সরকার পতনের আন্দোলনের সূচনা হবে বলে হুশিয়ারি দেন আমান উল্লাহ আমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০ জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সহস্রাধিক বন্যাদুর্গত দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা, ওষুধ প্রদান ও কাপড় বিতরণ করা হবে।

সিলেট প্রতিক্ষণ