104
Sharesমৌলভীবাজার জেলা শহরের টিবি হাসপাতাল রোডে তিন তলা একটি বাসার ২তলায় আগুন লেগে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের টিম ঠিক সময়ে ঘটনাস্থলে যেতে পারেনি। পরে বিকল্প ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস টিম।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসে সূত্র জানায়, টিবি হাসপাতাল রোডের ফাটাবিল সংলগ্ন এলাকার একটি বাসায় বিদ্যুাতিক শটসার্কিট থেকে আগুন লেগে যায়।
এদিকে আগুন লাগা বাসার রাস্তা সরু থাকায় সেখান দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। পরে ভবনের পাশে একটি ডোবা থাকায় ফায়ার সার্ভিসের সঙ্গে থাকা সেচ মেশিন দিয়ে পানির ব্যবস্থা করা হয়।
সময় মতো ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছতে পারলে আগুন সহজে নেভানো যেত এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কম হত বলে ধারণা করা হয়।
এ ব্যাপারে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগুন লাগার খবর পেয়ে তারা গাড়ি নিয়ে ছুটে আসেন, কিন্তু এসে দেখেন রাস্তা সরু কোনভাবে গাড়ি ঢুকবে না। পরে তাদের সেচ পাম্প দিয়ে অধিক সময়ের বিনিময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এই রাস্তাগুলো জরুরি ভিত্তিতে প্রসারিত করা প্রয়োজন, না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।
এ বিষয়ে পৌর মেয়র ফজলুর রহমান জানান, টিবি হাসপাতাল এলাকার লিংক রোডটি ১৪ ফুট প্রশস্ত করার জন্য এলাকাবাসীর মতামততের ভিত্তিতে গত মাসে সিদ্ধান্ত নেওয়া হয়।
কয়েকদিন পূর্বে পৌর কর্তৃপক্ষ রাস্তার পাশের স্থাপনা উচ্ছেদ করতে গেলে কয়েকজন এলাকাবাসী আপত্তির প্রেক্ষিতে রাস্তা প্রশস্তকরণ বন্ধ রাখা হয়েছে।
এজন্য ফায়ার সার্ভিস ঢুকতে না পেরে বিকল্পভাবে আগুন নেভায়। আরেকটু দেরী হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তিনি বলেন শীঘ্রই রাস্তা প্রশস্থ করনের ব্যবস্থা গ্রহণ করা হবে।