155
Sharesদেশের উত্তরাঞ্চলের তিনটি জেলার ওপর দিয়ে আজ বুধবার মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে; পাশাপাশি দেশের আটটি বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, পঞ্চগড় ও নীলফামারীর ওপর দিয়ে আজ মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া আগামী তিন দিন পর সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও সৈয়দপুরে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর তৃতীয় সর্বোচ্চ তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শ্রীমঙ্গলে ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নিকলিতে ২০ মিলিমিটার, নেত্রকোনায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আজ বুধবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।