194
Sharesশুরু করেছিলেন ১৯৮২-৮৩ অর্থবছরে; পেশ করেন টানা দুটি বাজেট। মধ্যখানে দীর্ঘ বিরতি। এরপর ২০০৯-১০ অর্থবছর থেকে ফের শুরু; এবার টানা দশটি বাজেট পেশ করে গড়েন রেকর্ড। যে রেকর্ড বাংলাদেশের আর কারোরই নেই। বলা হচ্ছে সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কথা।
গত ২৯ এপ্রিল দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুহিত না থাকলেও তাঁর টানা দশটি বাজেট পেশের রেকর্ড এখনও অক্ষুণ্ন। বাংলাদেশে যতো বাজেট পেশ হয়েছে, তন্মধ্যে সবচেয়ে বেশি ১২ বার বাজেট পেশের রেকর্ড যৌথভাবে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও প্রয়াত আবুল মাল আব্দুল মুহিতের।
তবে ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর অবধি টানা ১০টি বাজেট পেশের রেকর্ড মুহিতের। তাঁর ধারেকাছেও আর কেউ নেই। সিলেট বিভাগের হবিগঞ্জের সন্তান শাহ এএমএস কিবরিয়া টানা ৬টি বাজেট পেশ করেছিলেন। সাইফুর রহমান দুই দফায় টানা ৫টি করে বাজেট পেশ করেন।
১৯৭২ সালে জাতীয় সংসদে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ দেশের প্রথম বাজেট পেশ করেন। এরপর এখনও পর্যন্ত (আজকের বাজেটের আগপর্যন্ত) অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও সামরিক আইন প্রশাসক মিলিয়ে ১৩ জন দায়িত্বশীল ব্যক্তি ৫০টি বাজেট পেশ করেছেন।
বাজেট পেশের দিক দিয়ে এগিয়ে আছেন ‘সিলেটি’ অর্থমন্ত্রীরা। সিলেটের সাইফুর রহমান, শাহ এএমএস কিবরিয়া ও আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী হিসেবে ৩০ বার সংসদে বাজেট পেশ করেন। স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমদ।
বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী হিসেবে তিনি ১৯৭২ সালের ৩০ জুন একইসঙ্গে ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন। তাঁর পেশকৃত বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা। অন্যদিকে, দেশের সবশেষ বাজেট পেশ হয় ২০২১-২২ অর্থবছরের; অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের পেশকৃত বাজেটের আকার ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
সাইফুর রহমান আশির দশকে সর্বপ্রথম বাজেট পেশ করেন। গণভোটে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ১৯৮০-৮১ অর্থবছর এবং ১৯৮১-৮২ অর্থবছরের বাজেট পেশ করেন সাইফুর। এরপর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে ১৯৯১-৯২ অর্থবছর থেকে ১৯৯৫-৯৬ অর্থবছর পর্যন্ত পাঁচটি বাজেট পেশ করেন তিনি।
এ ছাড়া ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর ২০০২-০৩ অর্থবছর থেকে ২০০৬-০৭ অর্থবছর পর্যন্ত আরো পাঁচটি বাজেট পেশ করেন সাইফুর রহমান। সবমিলিয়ে তাঁর পেশকৃত বাজেটের সংখ্যা ১২।
এরশাদ সরকারের আমলে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরে টানা দুটি বাজেট দেন করেন আবুল মাল আব্দুল মুহিত। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসীন হলে অর্থমন্ত্রীর দায়িত্ব পান সিলেট-১ আসনের সংসদ সদস্য মুহিত।
তিনি ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত টানা ১০টি বাজেট পেশ করেন সংসদে। ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশের মাধ্যমে ১২টি বাজেট পেশের রেকর্ডে সাইফুর রহমানের সঙ্গী হন মুহিত।
বাংলাদেশের জাতীয় বাজেট এক অর্থবছরে এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায় মুহিতের হাত ধরেই। ২০০৯-১০ অর্থবছরে মুহিত এক লাখ ১৩ হাজার ১৭০ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। এদিকে, শাহ এএমএস কিবরিয়া ১৯৯৬-৯৭ অর্থবছর থেকে ২০০১-০২ অর্থবছর পর্যন্ত ৬টি বাজেট পেশ করেন সংসদে।