115
Sharesসিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নগরের খাসদবীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার পীরের গাঁও গ্রামের মৃত আবদুস সালামের ছেলে। তিনি সিলেট নগরের ধোপাদীঘির পাড়ের ওসমানী শিশু উদ্যানে কাঠের পিঞ্জিরায় মোটরসাইকেল খেলা দেখিয়ে দর্শক মাতিয়ে রাখতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে সাহেবের বাজারে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত পৌনে ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে নগরের খাসদবীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁর মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হন। তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মইনুল জাকির প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে হতাহত ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।