107
Sharesসিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার দয়ামির এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সবার সম্মতির ভিত্তিতে এস টি এম ফখর উদ্দিনকে সভাপতি ও আবদুল্লাহ মিসবাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক জরিদ আহমদের সভাপতিত্বে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর বলেন, আওয়ামী সরকার আবারও ভোট ডাকাতির নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তাদের আর সুযোগ দেওয়া হবে না। দেশে মধ্যরাতের নির্বাচন আর হতে দেওয়া হবে না। এ জন্য প্রয়োজন শক্তিশালী তৃণমূল বিএনপির। ব্যক্তি স্বার্থ ত্যাগ করে দেশ, জাতি ও দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সাবেক সাংসদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে সরকার গুম করেছে বলে দাবি করে তিনি। এদিকে নতুন কমিটিতে সবার সম্মতির ভিত্তিতে মোজাহিদুল ইসলামকে জ্যেষ্ঠ সহসভাপতি, কয়েস আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়হান আহমদকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে।