327
Sharesজলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাবে বাংলাদেশে বন্যা, খরা, তাপপ্রবাহসহ প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ফরেন পলিসি ভার্চুয়াল ক্লাইমেট সামিটে অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, কালবৈশাখী, বজ্রপাতের মত প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে। বর্তমানে সারাদেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
গতবছর অতিবন্যায় দেশের এক তৃতীয়াংশ প্লাবিত হয়। সুপার সাইক্লোন আম্ফানসহ বেশ কিছু সাইক্লোন গতবছর আঘাত হানে। এসবই জলবায়ু পরিবর্তনের ফল। বাংলাদেশ কার্বন নিঃসরণকারী দেশ নয়। কিন্তু সবচেয়ে ক্ষতির শিকার আমরাই।
প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর আমাদের জিডিপির দুই শতাংশ হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে। এর প্রভাব মোকাবিলায় সব দেশকে যার যার দায়িত্ব পালন করতে হবে বলে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।