106
Sharesপুরনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বহাল রাখার দাবিতে সারাদেশে ট্রেন চালানো বন্ধ করে দিয়েছেন চালক, কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৩ এপ্রিল) ভোর থেকে শুরু হয় এ ধর্মঘট।
সিলেট রেলস্টেশনসহ সারাদেশের অন্যান্য স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়ছে না। হঠাৎ এমন ধর্মঘটে বিপাকে পড়েছেন রেলযাত্রীরা। আগের মতো অবসর-পরবর্তী সুবিধা চান রেলওয়ের রানিং স্টাফরা।
গত বছর সরকার রেলওয়ের রানিং স্টাফদের অবসর-পরবর্তী ৭৫ শতাংশ রানিং অ্যালাউন্স বন্ধ করে দেয়। তা বহালের দাবিতে এ ধর্মঘট। ট্রেন চালকদের একটা দাবি, নির্দিষ্ট আট ঘণ্টার বেশি কাজ করলে যে অতিরিক্ত ভাতা (মাইলেজ) দেওয়া হয়, সেটা যেন সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা করে পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করে। রানিং স্টাফ বলতে ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিকিট পরিদর্শকদের (টিটি) বুঝানো হয়।
রেলের সংস্থাপন কোড অনুযায়ী, রানিং স্টাফরা দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বা ১০০ মাইলের বেশি ট্রেন চালালে একদিনের বেতনের সমপরিমাণ টাকা রানিং ভাতা হিসেবে পাবেন। ভাতার ৭৫ শতাংশ টাকা যোগ হতো পেনশনে।
জানা গেছে, ধর্মঘট প্রত্যাহার করতে রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের বৈঠক চলছে।