সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ১৩ / ২০২২


play,time

সিলেটে বর্ষবরণ অনুষ্ঠান দুপুরের মধ্যেই শেষ হবে


135

Shares

করোনা মহামারির কারণে অনাড়ম্বর দুটি বৈশাখ কাটানোর পর বাংলা নববর্ষ আয়োজনকে ঘিরে প্রাণের ছোঁয়া লেগেছে সিলেটে। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন সিলেটের সাংস্কৃতিক কর্মীরা। বর্ণিল উৎসব ঘিরে সাংস্কৃতিক সংগঠনগুলো তৈরি করেছে ভিন্ন আঙ্গিকের দাওয়াতপত্রও। তবে এবার রমজানের কারণে কমিয়ে আনা হয়েছে আয়োজনের সময়।

দুপুরের মধ্যেই শেষ হবে সব অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৪এপ্রিল) পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বের করবে জেলা প্রশাসন। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে।এই আয়োজনের সহযোগিতায় থাকছে জেলা শিল্পকলা একাডেমি।

আনন্দলোক সংগঠনটি নগরের শ্রীহট্ট সংস্কৃত কলেজ মাঠে তাদের উৎসবের আয়োজন করছে। তাদের অনুষ্ঠান সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এতে আনন্দলোকের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত-নৃত্য-আবৃত্তি পরিবেশন করবে। একই দিন সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি’ নগরীর ব্লু-বার্ড স্কুল মাঠে রেখেছে তাদের বর্ষবরণের আয়োজন।‘

ফিরে চল মাটির টানে’ এমন আহ্বানে তাদের অনুষ্ঠান চলবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। এব্যাপারে শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত জানান, মঙ্গল শোভাযাত্রার পর নজরুল ইসলাম একাডেমির মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে থাকছে বাউলগান, কাঠি ও ঝুমুর নৃত্য, মণিপুরি নৃত্য, লোকগান ও দেশের গান। তিনি বলেন, ‘যেহেতু এবার করোনা মহামারির প্রকোপ অনেকটা কমে এসেছে, তাই পহেলা বৈশাখ পালনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এ বছর পবিত্র রমজান মাস চলমান থাকায় বর্ষবরণের অনুষ্ঠানের সময় কমিয়ে আনা হয়েছে।’ দুই বছরের বিরতি শেষে বর্ষবিদায়ে বুধবার নানা আয়োজন রেখেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

তাদের আয়োজন হবে বিকেলে নগরের চাঁদনীঘাটে। পরদিন তারা পহেলা বৈশাখ উদযাপন করবে। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, ‘মহামারির কারণে গত দুই বছর বর্ষবরণের কোনো আয়োজন করা সম্ভব হয়নি।এবার বর্ষবরণে সেই প্রতিবন্ধকতা নেই। তাই এবার বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ করা হবে। একই সঙ্গে যাতে ধর্মীয় সম্প্রীতি ব্যাহত না হয়, সেদিকেও নজর রাখা হবে।’

এ ছাড়া নাট্যসংগঠন একদল ফিনিক্স, কথাকলি ও উদীচীরও আছে বর্ষবরণে আলাদা অনুষ্ঠানের আয়োজন। বর্ষবরণের আয়োজন নির্বিঘ্ন করতে সিলেট মহানগরীতে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফউল্লাহ তাহের।

তিনি বলেন, ‘যেসব জায়গায় বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, সেখানে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ করবে। এ ছাড়া সাদা পোশাকে পর্যাপ্তসংখ্যক পুলিশ থাকবে।

সিলেট প্রতিক্ষণ