102
Sharesকাল বৈশাখী ঝড়ে সিলেটে ও সুনামগঞ্জে ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এরমধ্যে সিলেটে গাছ চাপায় ও ঝড়ে ছিড়ে পড়া বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে ২ জন এবং ঘরের ছাউনি উড়ে গিয়ে মারা যান আরো দুজন।
জানা গেছে, মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১টার দিকে সিলেট বিভাগের উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। ঘুর্নিঝড়ে মঙ্গলবার রাত ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কে গাছের নীচে চাপা পড়ে এক পথচারির মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি টিম গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করেছে। ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, কাল বৈশাখী ঝড়ে গাছ ভেঙে ওই পথচারির উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষনিক মরদেহ উদ্ধার করলেও নিহতের পরিচয় পাওয়া যায়নি।
তিনি বলেন, রাতে সিলেটের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। সিলেট-সুনামগঞ্জ সড়কে সিলেট সদর উপজেলার তেমুখী বাইপাস এলাকায় গাছ ভেঙে পড়ে।
এতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে গাছ সরাতে গিয়ে চাপা পড়া অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, সুনামগঞ্জে মধ্যরাতে কালবৈশাখী ঝড়ে নিহত হন আরো দু’জন। সুনামগঞ্জের দিরাই ও জামালগঞ্জে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উর্ধ্বনপুর গ্রামের আব্দুল ওয়াহাব (৬৫)।
অপরজন জামালগঞ্জ উপজেলার সন্তুষপুর গ্রামের এক বৃদ্ধা। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন আব্দুল ওয়াহাব ছেলে হেলাল আহমেদ (৩০)। ঘটনার সত্যতা নিশ্চিত করে উর্ধ্বনপুর গ্রামের বাসিন্দা ও ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এমদাদুল হক চৌধুরী মিন্টু জানান, ঘূর্ণিঝড়ে বৃদ্ধ ওয়াহাব মিয়ার ঘরের ছাউনি উড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান।
এদিকে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট সদরের জালালাবাদ থানাধীন চাঁনপুর গ্রামের হাজী আব্দুল নুরের বসত বাড়ীর উঠানে ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে পড়ে। ঝড়ের পর বাড়ীর উঠানে একটি গাছ কেটে সরানোর চেষ্টাকালে বিদ্যুতায়িত হয়ে মারা যান গৃহকর্তা নেছার আহমদ (৬০)।
পুলিশ জানায়, ঝড়ে গাছটি বিদ্যুতের তারের উপর পড়ে। অজ্ঞাতসারে গাছ কেটে সরাতে গেলে নেছার আহমদ বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি দেখে তার ছেলে রাতুল আহমদ স্বরচিৎকার করেন।
প্রতিবেশিরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।