সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৭ / ২০২২


sylhet city

সিলেটে কিশোরের লাশ উদ্ধার


180

Shares

সিলেট নগরীর শেখঘাট এলাকার একটি কলোনি থেকে এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরের নাম মো. শরিফ (১৪)। রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শরিফ সুনামগঞ্জ জেলার ছাতক থানার মৌলাপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। তারা নগরীর শেখঘাট এলাকার শুভেচ্ছা-২৯৭ বাসার মালিক মবশ্বির আলীর কলোনিতে থাকতেন।

শরিফের বাবা মোস্তফা দিনমজুর ও তার মা বাসা-বাড়িতে কাজ করতেন। মাসখানকে আগে শরিফের বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর শরিফের মা তাকে যে কোনো কাজে লেগে পড়তে বলেন। সর্বশেষ রবিবার সকালে শরিফকে তার মা শাসিয়ে কাজে চলে যান। পরে বেলা ১১টার দিকে শরিফ ঘরের দরজা লাগিয়ে তীরের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেয়।

প্রতিবেশিরা বিষয়টি বুঝতে পেরে ঘরের চালার টিন খুলে তার নিথর দেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শরিফকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরবর্তীতে ওসমানী হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে।

এ রিপোর্ট লেখার (বিকেল ৩টা) সময় লাশের ময়না তদন্ত চলছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ  বলেন, স্থানীয়রা ওই কিশোরের দেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের ময়না তদন্ত হচ্ছে, রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- সে আত্মহত্যা করেছে।

সিলেট প্রতিক্ষণ