125
Sharesশনিবার (২ জুলাই) সকাল থেকে সিলেটের মেঘমুক্ত নীল আকাশ দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তাপ। এতে সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে কমতে শুরু করেছে বন্যার পানি।
দীর্ঘদিন পর সূর্য তাপ ছড়ানোয় সিলেটের বিভিন্ন এলাকার বন্যাকবলিত এবং নগরের বাসিন্দাদের মধ্যে অনেকটা স্বস্তি দেখা দিয়েছে। এর আগের কিছুদিন সিলেটে সকালে পরিষ্কার সূর্যের দেখা পাওয়া যায়নি।
দুপুরের দিক থেকে এক–আধটু তাপ ছড়িয়েছিল সূর্য। তবে আজ সকাল থেকে সূর্য তাপ ছড়িয়েছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত সিলেটের দুটি নদীর পানি চারটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও পানি কমছে।
সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কুশিয়ারা নদীর পানি অমলশিদ, শেওলা, কুশিয়ারা পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীর কোনো কোনো পয়েন্টে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টার ব্যবধানে দশমিক ২০ সেন্টিমিটার থেকে দশমিক শূন্য ২ সেন্টিমিটার কমেছে। বৃষ্টি না হওয়ায় নদ-নদীর পানি কমছে, তবে অনেকটা ধীরগতিতে।
তবে আশা করা যাচ্ছে, আরও কয়েক দিন বৃষ্টি না হলে পানি আরও কমবে। সিলেটে আগামী ১০ দিনের মধ্যে বন্যার আগাম কোনো সতর্কতা নেই বলে সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে এ তথ্য জানা যায়।