সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৮ / ২০২২


dhakacity

সিলেটে শ্রমিক নেতাকে লাঞ্ছনার অভিযোগ, বিক্ষোভ-সড়ক অবরোধ


128

Shares

সিলেট কোতোয়ালি থানায় পুলিশের হাতে শ্রমিক নেতা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন- এমন অভিযোগে গভীর রাতে সড়ক অবরোধ করেন ট্রাক চালক-শ্রমিকরা। মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৯টা পর্যন্ত নগরীর সোবহীনাঘাট-উপশহর থেকে দক্ষিণ সুমরার হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত এবং সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুমারগাঁওয়ে অবরোধ করে রাখেন তারা। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে সকাল সাড়ে ৯টার শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সিলেট বিভাগীয় সভাপতি গোলাম হাদি সাইফুল সিলেটভিউ-কে বলেন, নগরীর ৩নং ওয়ার্ডের একটি জায়গা মাটি কেটে অন্যত্র নেওয়া হচ্ছে।

ট্রাকে করে অন্যত্র নেওয়া হচ্ছে সে মাটি। কিন্তু গতকাল (সোমবার) রাত ১১টার দিকে এই মাটি বহনকারী ৫টি ট্রাক জব্দ করেন স্থানীয় কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক। তাঁর ওয়ার্ড থেকে মাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে- এমন অভিযোগ করে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে চালকসহ ৫টি ট্রাক কোতোয়ালি থানায় নিয়ে যায়। গোলাম হাদি সাইফুল সিলেটভিউ-কে আরও বলেন, খবর পেয়ে রাত ২টার দিকে কোতোয়ালি থানায় যান শ্রমিক নেতা কালা মিয়া। সেখানে কথা-বার্তার এক পর্যায়ে পুলিশের এক কনস্টেবল কালা মিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।

এ খবরে তৎক্ষণাৎ নগরীর উপশহর ও কুমারগাঁওয়ে রাস্তায় ট্রাক ফেলে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন শ্রমিকরা। পরে আজ সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ সিলেটভিউ-কে বলেন, কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের ৯৯৯-এ কল দেওয়ার মাধ্যমে কাল রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ট্রাকগুলা জব্দ করে থানায় নিয়ে আসে। কিন্তু মাটি চুরির অভিযোগের সত্যতা না পাওয়ায় আজ সকালে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়েছে। কনস্টেবল কর্তৃপক কালা মিয়াকে শারীরিকভাবে লাঞ্ছনার বিষয়ে তিনি বলেন, লাঞ্ছনার অভিযোগ মিথ্যা। সিসিটিভির ফুটেজ চেক করে আমরা এর সত্যতা পাইনি। তবে থানায় শ্রমিকরা এসে উত্তেজনাকর পরিব্শে তৈরি করে। এসময় কিছুটা ঠেলাঠেলি-ধাক্কাধাক্কি হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, শ্রমিকদের সড়ক অবরোধের বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিক নেতাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান। এদিকে, আজ সাত-সকালে ঘুম ভেঙ্গেই সড়ক অবরোধ দেখতে পান নগরবাসী। সকাল সাড়ে ৯টা পর্যন্ত নগরীর সোবহীনাঘাট-উপশহর থেকে দক্ষিণ সুমরার হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত এবং সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবরোধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় রাস্তায় বের হওয়া মানুষকে। সময়মতো কাজে বা অফিসে যেতে পারেননি অনেকে।

এতে ক্ষোভ প্রকাশ করেন তারা। ভুক্তভোগীরা বলেন, কিছু হলেই রাস্তায় গাড়ি এলোপাতাড়ি ফেলে রাখতে হবে কেন? আলোচনা করে সমাধান করা যায় না? এসব ক্ষেত্রে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা।

সিলেট প্রতিক্ষণ