সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

জুন / ০৬ / ২০২২


সুরমা

সুরমা-কুশিয়ারায় পানি বাড়ছেই


108

Shares

সিলেট অঞ্চলের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারায় পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। অন্যান্য নদীগুলোতেও বাড়ছে পানি। গতকালের চেয়ে আজ সব পয়েন্টেই পানি বেড়েছে। এই পরিস্থিতিতে ফের বন্যার ঝুঁকিতে রয়েছে সিলেট।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রাপ্ত তথ্য বলছে, গতকাল রোববার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ছিল ৯.৮৮ মিটার। আজ সোমবার দুপুর ১২টায় পানিসীমা দাঁড়ায় ১০.৩৯ মিটারে। অর্থাৎ ১৮ ঘন্টার ব্যবধানে ৫১ সেন্টিমিটার বেড়েছে পানি।

এ নদীর পানি কানাইঘাট পয়েন্টে গতকাল ছিল ১২.৪৬ মিটার; আজ দুপুরে হয় ১৩.৪৮ মিটার। কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে গতকাল রোববার সন্ধ্যায় ছিল ১৪.৪২ মিটার। আজ সোমবার দুপুরে হয়েছে ১৪.৬৫ মিটার।

শেওলা পয়েন্টে এ নদীর পানি গতকাল ছিল ১২.১৪ মিটার; আজ দুপুরে দাঁড়ায় ১২.২৮ মিটারে। শেরপুর পয়েন্টেও কুশিয়ারার পানি বেড়েছে। এখানে গতকাল পানিসীমা ছিল ৭.৬৮ মিটার; আজ দুপুরে হয়েছে ৭.৭০ মিটার। কুশিয়ারার পানি বাড়ছে ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও।

রোববার সন্ধ্যায় এখানে পানিসীমা ৯.৪৯ মিটার ছিল। সোমবার পানি বেড়ে হয়েছে ৯.৭৮ মিটার। এদিকে, কানাইঘাটের লোভা নদীর পানিও বাড়ছে। গতকাল এ নদীর পানিসীমা ছিল ১২.৮৩ মিটার; আজ হয়েছে ১৪.১৫ মিটার। বেড়েছে সারি নদীর পানিও। গতকাল সন্ধ্যায় এ নদীর পানিসীমা যেখানে ১০.৪৪ মিটার ছিল, আজ হয়েছে ১১.৭৫ মিটার।

সিলেট প্রতিক্ষণ