110
Sharesহাসপাতাল থেকে সুস্থ হয়ে আগেরদিন বাসায় ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন। পরদিনই সকাল থেকে ফের কর্মতৎপর হয়ে পড়েছেন তিনি।
বুধবার সকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগে ড. মোমেন এবং ফয়সাল বিন ফারহান আল সৌদের মধ্যে একান্ত বৈঠক হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটারে এ তথ্য জানানো হয়।
আজ বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে শুরু হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের মূল আলোচ্য বিষয় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়। এ ছাড়া দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার, রোহিঙ্গা সংকট এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। সংলাপের মধ্য দিয়ে সৌদি আরব থেকে একটি বড় বিনিয়োগ পাওয়ার সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে বলেও জানিয়েছে সূত্রটি। এরই মধ্যে সৌদি আরবের বিনিয়োগকারীরা তেল শোধনাগার, পেট্রো কেমিক্যাল কমপ্লেক্স, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, খাদ্য ও ওষুধ শিল্প, সড়ক ও রেলপথ নির্মাণ, সামরিক ও বেসামরিক বিমান রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ নির্মাণ, সার ও সৌরবিদ্যুৎ খাতে ৬০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সৌদি সরকার।
এই বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ, জনশক্তি রপ্তানিসহ যৌথ সহযোগিতার বিষয়ে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। গত মঙ্গলবার দুদিনের সফরে ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
আজ বুধবার বিকেলেই ঢাকা ছাড়বেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দুইদিন আগে রবিবার (১৩ মার্চ) রাষ্ট্রীয় সফর শেষে তুরস্ক থেকে ফেরার পথে বিমানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন,সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নামার সাথে সাথে তাকে সরাসরি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিয়ে যাওয়া হয়। সেখানে দুইদিন চিকিৎসা নিয়ে তিনি সুস্হ হয়ে বাসায় ফিরেন।