রাজনীতি



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ১৯ / ২০২১


আলেম ওলামাদের মুক্তির দাবি মির্জা ফখরুলের


163

Shares

আলেম ওলামাদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব।

হেফাজত ইসলামের নেতাদের মুক্তির দাবি করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দাবি লকডাউনের সুযোগ নিয়ে সরকার ক্র্যাকডাউন করছে। ধর্মীয় নেতা  আলেম ওলামাদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হচ্ছে বলেও অভিযোগ বিএনপি মহাসচিবের।

হেফাজতের আনুষ্ঠানিক বক্তব্যের আগেই মির্জা ফখরুল ইসলাম সংবাদ সম্মেলন করে বলেন, 'আলেম ওলামাদের অপমান ধর্মপ্রাণ মানুষ কখনও মেনে নেবে না।'

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর ঘিরে দেশব্যাপী তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। থানা, ভূমি অফিসসহ সরকারি স্থাপনায় হামলা ও হতাহতের ঘটনা। বেশক'টি মামলা, এর মধ্যে হেফাজত নেতা মামনুল হকের নারী কেলেঙ্কারী। তার জেরে আরেকদফা ভাঙচুর ও তাণ্ডব চালায় মামুনুল সমর্থকরা।

পরে একে একে গ্রেপ্তার হেফাজতের কয়েক নেতা। সবশেষ সংগঠনটির প্রভাবশালী নেতা মামনুলকেও গ্রেপ্তার করা হয়। তবে, মামুনুল হককে গ্রেপ্তারের বিষয়ে তার দল হেফাজত ইসলাম সোমবার পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি। অথচ সোমবারই (১৯ এপ্রিল) বিএনপির মহাসচিব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানান। বিএনপি মহাসচিবের দাবি সাম্প্রতিক সহিংতায় হেফাজত জড়িত নয়।

ধর্মীয় নেতাদের অপমান করা, হয়রানি করা দেশের ধর্মপ্রাণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না জানিয়ে তাদের মুক্তির দাবিও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও অবস্থানের নামে ব্যাপক তাণ্ডবের সময় বিএনপি প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছিল ধর্মভিত্তিক এই সংগঠনটিকে।

রাজনীতি