বিনোদন



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ১৭ / ২০২২


play news

বানশালির বিরুদ্ধে 'গাঙ্গুবাঈ'-এর ছেলের বিস্ফোরক অভিযোগ


125

Shares

মুক্তির আগে ফের বিতর্কে জড়াল সঞ্জয়লীলা বানশালি পরিচালিত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। ছবিতে যেভাবে 'গাঙ্গুবাঈ'কে দেখানো হয়েছে, তাতে অসন্তুষ্ট তার পরিবার। কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন 'গাঙ্গুবাঈ'য়ের দত্তক-সন্তান বাবুরাওজি শাহ।

হুসেন জাইদির বিখ্যাত উপন্যাস 'মাফিয়া কুইনস অফ মুম্বই'-এর উপর ভিত্তি করে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিটি তৈরি করেছেন সঞ্জয়লীলা বানশালি। অভিযোগ, মুম্বইয়ের কাথিয়াওয়াড়ির বাসিন্দা গঙ্গা হরিজীবনদাস ওরফে 'গাঙ্গুবাঈ'কে যেভাবে এই সিনেমাতে বর্ণনা করা হয়েছে, তা একেবারেই ঠিক নয়। গঙ্গা হরিজীবনদাসের ছেলের অভিযোগ, আমার মাকে যৌনকর্মীতে পরিণত করেছেন সঞ্জয়লীলা বনশালি। এখন লোকে তাকে নিয়ে খারাপ কথা বলছে।

'গাঙ্গুবাঈ'-এর পারিবারিক আইনজীবীর দাবি, তাকে খুব খারাপ ভাবে ছবিতে দেখানো হয়েছে। এর কোনও ভিত্তি নেই। নোংরামি করা হয়েছে। একজন সমাজকর্মীকে, যৌনকর্মী হিসেবে ছবিতে দেখানো হয়েছে। কোন পরিবার এটা সহ্য করবে? গাঙ্গুবাঈকে ডন হিসেবে ছবিতে দেখানো হয়েছে।

তিনি আরও জানান, আগেই আদালতে একটা মামলা দায়ের হয়েছে। বাবুরাওজি শাহ-ই যে গাঙ্গুবাঈয়ের ছেলে, আদালতে সেই প্রমাণও পেশ করা হয়েছে। তবে এখনও বিষয়টি বিচারাধীন। 'গাঙ্গুবাঈ'-এর পারিবারিক আইনজীবীর অভিযোগ, এখন পরিচিতরা গাঙ্গুবাঈয়ের পরিবারের দিকে প্রশ্নের আঙুল তুলছে। বারবার জিজ্ঞেস করছে গাঙ্গুবাঈ সমাজকর্মী ছিলেন নাকি যৌনকর্মী। পরিবারের সকলে মানসিক ভাবে ভেঙে পড়েছেন।

২০২১-তে আদালতে একটা মানহানির মামলা দায়ের করেন 'গাঙ্গুবাঈ'য়ের দত্তক-সন্তান বাবুরাওজি শাহ। এরপর সঞ্জয়লীলা বানশালি এবং আলিয়া ভাট-কে সমন পাঠায় আদালত। 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

বিনোদন