162
Sharesশ্রেণিকক্ষে ফিরিয়ে নেওয়ার দাবিতে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা ঢাকায় মানববন্ধন করেছে। তাদের অভিযোগ এ বিষয়ে নীরব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। চীনে পড়ুয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. মাহমুদুল হাসান, সিদ্দিকী ইবনে ওয়াহীবসহ ১০-১২ শিক্ষার্থী উপস্থিত ছিলেন মানববন্ধনে। মানববন্ধনে বক্তারা বলেন, ২ ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও চীনে ফিরে যাওয়ার ব্যবস্থা নিচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করেন। করোনাভাইরাস সংকটে ২০২০ সালে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে ফেরত নেওয়া হয়নি। এ কারণে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে।
তাদের দাবি, শিক্ষার্থীদের বেশির ভাগ ইঞ্জিনিয়ারিং, মেডিকেলে অধ্যয়নরত। চীনে যেতে না পারায় ব্যবহারিক ক্লাস, ল্যাব করতে পারছে না। ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা ইন্টার্ন করার সুযোগ পাচ্ছে না। অনেক শিক্ষার্থী গ্রামে থাকে বিধায় ইন্টারনেট সংযোগ, লোডশেডিংসহ বিভিন্ন কারণে ভালোভাবে অনলাইন ক্লাসে যোগ দিতে পারছে না।
মেডিকেল শিক্ষার্থীরা হাতে-কলমে শিখতে পারছে না, অনলাইনে গ্রন্থগত বিদ্যা তাদের জন্য পর্যাপ্ত নয়। পড়াশোনা ভালোভাবে শেষ করার জন্য তাদের যত দ্রুত সম্ভব চীনে ফিরে যাওয়া জরুরি। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতায় বাংলাদেশি শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। বক্তারা বলেন, করোনার সংকট স্বাভাবিক হওয়ার পর বিশ্বের প্রায় সব দেশে বাংলাদেশি শিক্ষার্থীরা যেতে পারলেও দুই বছর ধরে চীনে বাংলাদেশি শিক্ষার্থীরা যেতে পারছে না।
পাকিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, কোরিয়া, রাশিয়াসহ এসব দেশের শিক্ষার্থীরা চীনে ফিরে যাওয়ার জন্য নোটিশ পেয়েছে। কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে চীন সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে সরকারের কাছে জোর দাবি করা হয় মানববন্ধন থেকে।