শিল্প ও সাহিত্য



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ১৯ / ২০২২


corona

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক আলিমুল হকের নতুন বই


147

Shares

বর্তমান বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি ও সবচেয়ে আলোচিত একটি দেশ হলো চীন। চীনের এ সাফল্য একদিনে আসেনি। এর পেছনে রয়েছে অনেক কঠোর পরিশ্রম ও ত্যাগ। এ সাফল্যের নানা রহস্য কথা নিয়েই এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক আলিমুল হক এবং চীনা সাংবাদিক ছাও ইয়ান হুয়ার (বাংলা নাম সুবর্ণা) যৌথভাবে লেখা বই "নয়াচীনের সাফল্যের মুকুটে সাতটি পালক"।

বইটি বাংলা ভাষায় লেখা হয়েছে। বইটির প্রকাশক ও প্রচ্ছদ করেছেন আরিফুর রহমান। বইটিতে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাতটি খাত যেমন- মহাকাশ-গবেষণা, দ্রুতগতির রেল, সেতু, সুপারকম্পিউটার, নতুন জ্বালানি, দারিদ্র্যবিমোচন ও ক্রীড়াতে বিগত সাত দশকে যে সফলতা অর্জন করেছে এর আদ্যোপান্ত আলোচনা করা হয়েছে।

১৯৪৯ সালের পহেলা অক্টোবর চেয়ারম্যান মাও সে তুংয়ের নেতৃত্বে নয়াচীন গঠনের যে বীজ বপন করা হয়েছিলো আজকের চীন তারই ফসল। বইটিতে এ নিয়ে বিশদ আলোচনা করেছেন লেখক। বইটি একুশের বইমেলার বিভিন্ন স্টল ও রকমারি ডটকম থেকে সংগ্রহ করা যাবে। বইটিতে মোট সাতটি অধ্যায় রয়েছে। উল্লেখ্য , আলিমুল হক বর্তমানে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে কাজ করছেন। তিনি বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য।

এর আগে তিনি দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্র-পত্রিকা ও টিভি চ্যানেলে বার্তা সম্পাদকসহ বিভিন্ন পদে কাজ করেছেন। দুটি অনুবাদগ্রন্থ ও তিনটি মৌলিক বইসহ তার প্রকাশিত মোট বইয়ের সংখ্যা ৫টি। বইটির আরেকজন লেখিকা ছাও ইয়ান হুয়া বর্তমানে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন।

শিল্প ও সাহিত্য