বিনোদন



দেশদর্পণ ডেস্ক

মার্চ / ২৩ / ২০২১


গায়িকা বিউটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র জাহাঙ্গীর


288

Shares

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত তরুণ সংগীতশিল্পী বিউটি খানের চিকিৎসার দায়িত্ব নিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন উপস্থাপক ও বিজ্ঞাপন নির্মাতা আনজাম মাসুদ। তিনিই এই বিষয়টা সমন্বয় করছেন।

আনজাম মাসুদ বলেন, ‘বিউটি আমাদের গাজীপুরের মেয়ে। তার স্বামীর সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমার নিয়মিতই কথা হচ্ছে। আমরা বিষয়টি মেয়র মহোদয়ের কাছে উপস্থাপন করলে তিনি বিউটির চিকিৎসার ব্যয়ভার বহন করবেন বলে জানিয়েছেন।’

মাসুদ আরও জানান, ‘সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরে আয়োজিত একটি কনসার্টে এই ঘোষণা দিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম। মেয়রের ঘোষণার পর সেই অনুযায়ী কার্যক্রমও শুরু হয়েছে।’

গত ১৩ মার্চ কক্সবাজারে কনসার্টে যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাইতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গায়িকা বিউটিকে বহনকারী মাইক্রোবাসটি। উল্টো পথে একটি লরি এসে মাইক্রোবাসটিকে ধাক্কা মারে। ওই ঘটনায় প্রাণ হারান দুই যন্ত্রশিল্পী হানিফ ও পার্থ গুহ। মারাত্মক আহত হন বিউটি।

এছাড়া আহত হন যন্ত্রশিল্পী পাপ্পু ও নন্দন। আহতদের মধ্যে বিউটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে দুর্ঘটনার পরদিনই চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা চলছে।

বিনোদন