এক্সক্লুসিভ



দেশদর্পণ ডেস্ক

মার্চ / ২৯ / ২০২১


ঘরের বাইরে মাস্ক না পরলে ব্যবস্থা


201

Shares

করোনার সংক্রমণ ঠেকাতে নতুন করে ঘরের বাইরে মাস্ক পরাসহ ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া নির্দেশনায় প্রয়োজনে ঘরের বাইরে মাস্ক পরার পাশাপাশি সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

করোনার সংক্রমণ শুরুর পর থেকেই বাধ্যতামূলক মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি পালনের পরামর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। সরকারের পক্ষ থেকে জারি করা নির্দেশনায় ঘরের বাইরে অবশ্যই মাস্ক পরার কথা বলা হলেও অনেকেই এ নিয়ে অনীহা প্রকাশ করায় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে দেশজুড়ে। অনেককে জরিমানার মুখেও পরতে হয়েছে মাস্ক না পরার কারণে। এমন বাস্তবতায় নতুন ১৮ নির্দেশনায় ঘরের বাইরে অবশ্যই মাস্ক পরার কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধানসহ সকল ধরনের স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার কমে এসেছিল; কিন্তু মার্চের শুরু থেকে তা আবার দ্রুত বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৯০৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জনে। তাদের ৮ হাজার ৯০৪ জনের মৃত্যু হয়েছে।

এমন পরিস্থিতিতে করোনার নতুন ধাক্কা মোকাবেলার প্রস্তুতি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে গতকাল দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সরকারের পক্ষ থেকে করোনা সংক্রমণ রোধে ১৮ দফা নির্দেশনা দেয়া হলো।

সৌজন্যে : ঢাকাটাইমস

এক্সক্লুসিভ