14
Sharesবিশ্ব মঞ্চে অভিষেকে শুরুতেই গোলের দেখা পেলেন ফিলিক্স মেচা, এগিয়ে গেল জার্মানি। জবাব দিতে বেশি সময় নিল না বিশ্বকাপের ইতিহাসের ক্ষুদ্রতম দেশ কুরাসাও। তবে বাকি সময়ে আর কোনো চমক তারা দেখাতে পারল না। তাদের জালে একের পর এক বল পাঠিয়ে বিশাল জয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করল জার্মানি।
হিউস্টনে রবিবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচটি ৭-১ গোলে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউলিয়ান নাগেলসমানের দলের হয়ে জালের দেখা পেয়েছেন ছয় জন খেলোয়াড়।
২০১৪ আসরের সেমি-ফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারানোর পর, এই প্রথম বিশ্বকাপের ম্যাচে সাত গোল করল জার্মানরা।
মেচার গোলে পিছিয়ে পড়া কুরাসাওকে সমতায় ফেরান লিভানো কমেনেন্সিয়া। তবে প্রথমার্ধেই জার্মানি দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় নিকো শ্লটারবেক ও কাই হাভার্টজের লক্ষ্যভেদে।
বিরতির পর ব্যবধান আরও বাড়ান জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উন্দাভ। শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করেন হাভার্টজ।
বিশ্বকাপের খবরাখবর- |
র্যাঙ্কিংয়ে ৭২ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে প্রায় ৬৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য মোট ২৬টি শট নেয় জার্মানি, যার ১২টি ছিল লক্ষ্যে। বিশ্বকাপ অভিষেকে দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কুরাসাওয়ের আট শটের দুটি লক্ষ্যে ছিল।
কুরাসাওয়ের বিশ্বকাপ স্কোয়াডের কেবল তাহিথ চং দ্বীপটিতে জন্মগ্রহণ করেছেন, বাকি ২৫ জন খেলোয়াড়ের জন্ম নেদারল্যান্ডসের মূল ভূখণ্ডে। স্কোয়াডের ১৮ জন খেলোয়াড় যুব পর্যায়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেছেন, যাদের মধ্যে দুজন ডাচ সিনিয়র দলের হয়েও খেলেছেন।
টানা ৯ ম্যাচ জিতে বিশ্বকাপে আসা জার্মানি এগিয়ে যায় ষষ্ঠ মিনিটে। মুসিয়ালার শট রক্ষণে প্রতিহত হয়ে ফেরার একটু পরই, বক্সের বাইরে ফ্লোহিয়ান ভিয়েৎসকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন ফিলিক্স মেচা। সতীর্থের ফিরতি পাস পেয়ে ঠাণ্ডা মাথার শটে ঠিকানা খুঁজে নেন ২৫ বছর বয়সী মিডফিল্ডার।
জার্মানির হয়ে তার দ্বিতীয় গোল এটি, ২০২৪ সালের নভেম্বরের পর প্রথম।
পূর্বের খেলার খবর- |
নবম মিনিটে আরেকটি সুযোগ পান তিনি। এবার তার শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। চতুর্দশ মিনিটে ভিয়েৎসের শটও লক্ষ্যে থাকেনি।
শুরু থেকে বেশিরভাগ সময় ঘর সামলাতে ব্যস্ত সময় পার করা কুরাসাও ২১তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই চমকে দেয় জার্মানিকে। লক্ষ্যে প্রথম শটেই সমতা টানে তারা।
ইয়ুর্গেন লোকাডিয়ার শট জার্মানির রক্ষণে প্রতিহত হওয়ার পর, বাঁ পায়ে জোরাল শট নেন কমেনেন্সিয়া, প্রতিপক্ষের একজনের পায়ে লেগে একটু দিক পাল্টে বল জালে জড়ায়। কিছুই করতে পারেননি অবসর ভেঙে প্রায় দুই বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নামা গোলরক্ষক মানুয়েল নয়ার।
এ দিন লোথার মাথাউসকে ছাড়িয়ে সবচেয়ে বেশি বয়সে জার্মানির হয়ে বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন ৪০ বছর বয়সী নয়ার।
২৮তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত জার্মানি। জসুয়া কিমিখের ফ্রি-কিকে নিকো শ্লটারবেকের হেডে বল এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান কুরাসাও গোলরক্ষক।
৩৮তম মিনিটে লিড পুনরুদ্ধার করে জার্মানি। ব্রাউনের কর্নারে বক্সে হেডে বল জালে পাঠান অরক্ষিত শ্লটারবেক।
প্রথমার্ধের যোগ করা সময়ে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান হাভার্টজ। মেচা বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল জার্মানি।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান আরও বাড়ান মুসিয়ালা। কিমিখের পাস বক্সে পেয়ে দারুণ ফিনিশিংয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ২৩ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। বিশ্বকাপে মুসিয়ালার প্রথম গোল এটি, জার্মানির হয়ে দশম।
প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ৬৮তম মিনিটে স্কোরলাইন ৫-১ করে ফেলে জার্মানি। বক্সে উন্দাভের ফ্লিকে ভলিতে গোলটি করেন ব্রাউন।
বিশ্বকাপ অভিষেকে অ্যাসিস্টের পর গোলের দেখাও পেলেন ২২ বছর বয়সী এই লেফট-ব্যাক।
তার মতোই একই স্বাদ পেলেন ৬৪তম মিনিটে মুসিয়ালার বদলি নামা উন্দাভও। ৭৮তম মিনিটে কাছ থেকে গোল করে স্কোরশিটে নাম লেখান ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আর নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে কুরাসাওয়ের কফিনে সপ্তম পেরেক ঠুকে দেন হাভার্টজ। মাঝমাঠ থেকে উন্দাভের পাস ধরে বক্সে ঢুকে গোলটি করেন আর্সেনাল ফরোয়ার্ড।
বিশ্বকাপে হাভার্টজের গোল হলো চারটি, ২০২২ আসরে কোস্টা রিকার বিপক্ষেও জোড়া গোল করেছিলেন তিনি।
তার ওই গোলেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের নতুন রেকর্ড গড়ে জার্মানি। প্রতিযোগিতাটিতে তাদের মোট গোল হলো ২৩৯টি, একটি গোল কম নিয়ে তালিকায় দুইয়ে নেমে গেল ব্রাজিল।
গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। এবার শুরুটা দুর্দান্ত হলো তাদের।
ওয়াইএফ/০২