236
Sharesসিলেটের বিশ্বনাথে হেফাজতের ডাকা হরতালে পিকেটিংয়ের জের ধরে মসজিদে মাইকিং করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় গ্রামের ৩৬৫জনকে আসামি করে থানায় অ্যাসল্ট মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (২৯মার্চ) দিবাগত রাতে থানার এসআই দিদারুল আলম বাদি হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলা নং-(৩৫)। মামলার এজাহারে ৬৫জনের নাম উল্লেখ পুর্বক অজ্ঞাতনামা রাখা হয়েছে আরও ২৫০/৩০০জনকে। মঙ্গলাবার ওই মামলায় আটককৃত ৫জনকে শোন অ্যারেস্ট দেখানো হবে। ঘটনারদিন (২৮ মার্চ) ঘটনাস্থলে থেকে ওই ৫জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরদিন সোমবার তাদেরকে ১৫১ধারায় গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলার আমতৈল মাখরগাঁও গ্রামের রফিক আলীর পুত্র আশিক মিয়া (২৮), আমতৈল শান্তিপুর গ্রামের মৃত বিলাল উদ্দিনের পুত্র মুছা মিয়া (৩৩), ধলিপাড়া গ্রামের জমির আলীর পুত্র খায়রুল ইসলাম (২৮), একই গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র আইয়বুল হক (২২) ও মৃত নজির উদ্দিনের পুত্র কুতুব উদ্দিন (৩৫)।
গত ২৮মার্চ হরতালের দিন পিকেটিংয়ের জের ধরে ধলিপাড়া ও আমতৈল গ্রামবাসীর মধ্যে প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হন। তার মধ্যে গুলিবিদ্ধ হন চারজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আমতৈল গ্রামের লোকজন পুলিশের উপর হামলা চালায়। পরে গুলিছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন থানার ওসি শামীম মূসা, এসআই আফতাবউজ্জামান রিগ্যান, কনস্টেবল নাহিদ, ইমরান, জাবেদ ও আব্দুল আলিম’সহ ৬জন পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা আহতের ঘটনায় থানায় ওই মামলাটি দায়ের করেছে পুলিশ।
এব্যাপারে জানতে চাইলে থানার ওসি শামীম মুসা বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি অনেকটা শান্ত। আর তদন্ত স্বাপেক্ষে বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।