142
Sharesঢাকাই সিনেমার চলতি প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। অল্প দিনের ক্যারিয়ার তার। তবে এর মধ্যেই ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নায়ক হিসেবে ঘোষণা করা হয় সিয়ামের নাম। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন সিয়াম।
সিনেমাটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এটি তার নির্মিত প্রথম সিনেমা। এতে সিয়াম আহমেদের বিপরীতে ছিলেন পরীমণি। ২০২০ সালের ১১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেয়েছিল।
প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পেলেন। অনুভূতিটা কেমন? সিয়াম আহমেদ বলেন, খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে বাবা-মাকে জানালাম। কারণ আমি জানি তাদের মতো খুশি তো আর কেউ হবেন না। তারা এতো খুশি হয়েছেন বলে বোঝাতে পারবো না। এই অনুভূতি আসলে বলে বোঝানো কঠিন।
কারণ ক্যারিয়ারের এতো অল্প সময়ে প্রত্যাশার চাইতে বেশি ভালোবাসা দেখিয়েছেন। তারপর নিজের দেশে কাজ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়াটা বিশাল ব্যাপার। আমার কাছে সব স্বপ্নের মতো মনে হচ্ছে৷ আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার ক্যারিয়ারে অবদান রেখেছেন, প্রত্যেকটা মানুষকে। সবার ভালোবাসাতেই এতো দ্রুত স্বীকৃতিটা অর্জন করতে পেরেছি বলা যায়। সেই ভালোবাসার মানুষ আর জুরি বোর্ডকে বিশেষ ধন্যবাদ।
এই পুরস্কারটা আপনি কাউকে উৎসর্গ করতে চান? সিয়াম বলেন, পুরস্কারটা পরিবারকে উৎসর্গ করতে চাই। আব্বু, আম্মু, আমার স্ত্রী অবন্তী, শ্বশুর, শাশুড়ি সবাইকে। তাদের অবাদানই সবচেয়ে বেশি। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, এখন কোনো সিনেমার শুটিং করছেন কি? এ নায়ক বলেন, না। আপাতত কোনো শুটিং করছি না। কারণ আমার স্ত্রী সন্তানসম্ভবা। তাকেই সময় দিচ্ছি। কারণ এ সময়টায় তার পাশে থাকা জরুরী মনে করছি।
এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ক্যারিয়ার যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ পরিবারটাও তাই। এখন পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করেছি। সম্প্রতি আপনার অভিনীত 'টান' ওয়েব ফিল্মটি মুক্তি পেল। কেমন সাড়া পাচ্ছেন? সিয়াম আহমেদ বলেন, দারুণ সাড়া পাচ্ছি আসলে। এতো রেসপন্স পাবো ভাবিনি। কাজটি যত্ন নিয়ে করা। অনেক কষ্ট করেছি। তবে তৃপ্তি পেয়েছিলাম।