শিল্প ও সাহিত্য



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৩ / ২০২২


news part

শিগগিরই সময় বৃদ্ধি নিয়ে আলোচনা


182

Shares

অমর একুশে বইমেলা জমজমাট হয়ে উঠেছে ২১ ফেব্রুয়ারি থেকে। মেলার এ জমজমাট ভাব শেষ পর্যন্ত বহাল থাকবে বলে প্রকাশক-লেখক সবার একই মত। তার সত্যতাও ইতোমধ্যে পাওয়া গেছে। অমর একুশের দিনের বইয়ের বিক্রির রেশ ছিল মঙ্গলবারও।

প্রচুর পাঠক মেলার এসেছেন এবং বই কিনেছেন। হাতে হাতে ছিল বইয়ের ব্যাগ। সন্ধ্যার পরবর্তী সময়ে মেলায় অগণিত পাঠক অবস্থান করছিলেন। প্রকাশকরা এদিন মেলার সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্তের তাগিদ দিয়েছেন। কারণ, এ বিষয়ে এখনো তারা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাননি। অন্বেষা প্রকাশনীর প্রকাশক শাহাদাত হোসেন  বলেন, মেলা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমরা খুশি।

প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী মেলার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন ১৭ মার্চ পর্যন্ত করা হলে করোনাকালের গত বছর ক্ষতির অনেকটা পুষিয়ে নিতে পারব বলে আমরা আশা করছি। কয়েকজন প্রকাশক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পরামর্শের পরও মেলা কত তারিখ পর্যন্ত বাড়ানো হবে সে বিষয়ে আমরা কোনো নির্দেশনা এখনো পাইনি। নির্দেশনা এলে আমরা সে অনুযায়ী প্রস্তুতি নেব।

বাংলা একাডেমির উচিত, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো। বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, আমরা প্রকাশক নেতাদের নিয়ে আগামী ২-৩ দিনের মধ্যেই আলোচনায় বসব। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ডিআইজি হাবিবুর রহমানের গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন : বইমেলায় প্রকাশ হয়েছে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের গবেষণাগ্রন্থ- ঠার : বেদে জনগোষ্ঠীর ভাষা। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। মঙ্গলবার বিকালে বইটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।

বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রকাশনা অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কবি কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বইটির ভাবনা ও প্রস্তাবনা তুলে ধরেন বইয়ের লেখক হাবিবুর রহমান।

মঞ্চের আয়োজন : বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ : লেখক বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ সেলিম। আলোচনা করেন ঝর্না রহমান ও তানভীর আহমেদ সিডনী। সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। প্রাবন্ধিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের ৩৭ বছর পরে আমরা তার লেখকসত্তার পরিচয় পাই ২০১২ সালে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের মাধ্যমে।

এরপরে বঙ্গবন্ধুর আরও দুটি গ্রন্থ প্রকাশিত হয়-কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন। বঙ্গবন্ধু লেখনীতে রাজনৈতিক চিন্তা ও কর্মের প্রতিফলন যেমন ঘটেছে তেমনই অসাধারণ পর্যবেক্ষণ-ক্ষমতা ও দূরদর্শিতার পরিচয় উঠে এসেছে। তার রচিত আত্মজীবনী, দিনপঞ্জি এবং চিঠিপত্র সবই ইতিহাসের মূল্যবান তথ্যভাণ্ডার হিসাবে বিবেচনা করা যায়।

এদিন লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন আমিনুল ইসলাম ভূঁইয়া এবং ফারুক মঈনউদ্দীন। কবিতা পাঠ করেন কবি মনজুরুর রহমান, রোকেয়া ইসলাম ও নাহার ফরিদ খান। আবৃত্তি পরিবেশন করেন এনামুল হক বাবু, কাজী বুশরা আহমেদ তিথি ও অনিমেষ কর। সাংস্কৃতিক অনুষ্ঠানে কাওসার চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র বধ্যভূমিতে একদিন প্রদর্শিত হয়।

ভাষাশহিদ মুক্তমঞ্চের অনুষ্ঠান : বিকালে এ মঞ্চে স্বরচিত কবিতাপাঠে অংশ নেন ২৫ কবি। সভাপতিত্ব করেন কবি ফারুক মাহমুদ। এরপর প্রদর্শিত হয় তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত চলচ্চিত্র মুক্তির গান।

নতুন বই : মঙ্গলবার মেলায় নতুন বই এসেছে ৭৩টি। এরমধ্যে প্রথমা থেকে প্রকাশ হয়েছে সৈয়দ আবুল মকসুদের সংগ্রহ, সম্পাদনা ও ভূমিকায় ভাসানীর ঐতিহাসিক অভিভাষণ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত বিধান মিত্রর জ্যোর্তিময় যতীন সরকার, আগামী থেকে ড. বদিউল আলম মজুমদারের রাজনীতি অপরাজনীতি ও জঙ্গিবাদ, অনিন্দ্য থেকে খান মুহাম্মদ রুমেলের কবিতার বই নন্দিত অন্ধকার, আগামী প্রকাশনী থেকে জ ই মামুনের সাক্ষাৎকার গ্রন্থ বেহেস্তের মেজর, অনুপম প্রকাশনী থেকে সৌমেন সাহার বিজ্ঞান গ্রন্থ মহাকাশ ও জ্যোতিপদার্থবিদ্যা, আনিসুল হকের রম্যরচনা রাতের রাজাদের হরর গল্প, ড. বিশ্বজিৎ রায়ের প্রবন্ধ বাউল গানে বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা, টাঙ্গন থেকে আফরোজা পারভীনের চলিচ্চিত্রবিষয়ক গ্রন্থ চলচ্চিত্রের বিস্ময়কর দুনিয়া ইরান, গ্রন্থকুটির থেকে রাশেদ রউফের প্রবন্ধগ্রন্থ সমকালীন চট্টগ্রাম সংস্কৃতি ও সাহিত্য প্রসঙ্গ, অন্যধারা থেকে সাদাত হোসাইনের উপন্যাস ইতি স্মৃতিগন্ধা, উৎস প্রকাশন থেকে মোস্তফা সেলিমে গবেষণা গ্রন্থ সিলেটি নাগরীলিপি সাহিত্যের চরিতাভিধান উল্লেখযোগ্য।

শিল্প ও সাহিত্য