210
Sharesশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বাংলাদেশের যে উন্নয়ন, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটি অর্জন করতে হলে এর মূল হাতিয়ার কিন্তু শিক্ষা।
আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য যতো চ্যালেঞ্জ আছে, যতো সম্ভাবনা আছে, এই সব মোকাবেলা করতে হলে, সম্ভাবনাকে কাজে লাগাতে হলে শিক্ষাই মূল হাতিয়ার।
এবং সেই শিক্ষাতে এখন আমরা কিন্তু আর আধুনিকায়ন, পরিবর্তন, সংস্কার সেগুলো আর বলছি না। এখন আমরা বলছি একেবারে রূপান্তর ঘটাতে হবে, ট্রান্সফরমেশন হতে হবে।
শুধু চেইঞ্জ বা রিফর্ম না। সেজন্য আমরা নতুন কারিকুলাম করেছি।’ তিনি আজ সোমবার সিলেট সার্কিট হাউজে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সারাদেশে ৬২টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলামের পাইলটিং চলছে। এর মধ্যে সিলেটের তিনটি প্রতিষ্ঠান আছে।’
সিলেট শিক্ষা বোর্ডের সক্ষমতা বৃদ্ধিতে যা কিছু করা প্রয়োজন, তা করার আশ্বাস প্রদান করেন শিক্ষামন্ত্রী।
মতবিনিময় সভায় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) সিলেটের পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান খান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রমা বিজয় সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।